হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত খোকন সরদার। ছবি: সংগৃহীত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা এলাকায় দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. খোকন সরদার (৬০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আব্দুল কুদ্দুস সরদার নামের আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর এলাকার বালিরগাদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন সরদার ও আহত আব্দুল কুদ্দুস সরদার দুজনই তেঁতুলিয়া নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁরা পেশায় গরু ব্যবসায়ী। তাৎক্ষণিকভাবে তাঁদের আর কোনো পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে খোকন ও আব্দুল কুদ্দুস মোটরসাইকেলে করে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ধরে যাচ্ছিলেন। তাঁরা মির্জাপুর বাজার অতিক্রম করে বালিরগাদা মোড়ে পৌঁছালে খুলনা দিক থেকে আসা দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই খোকন সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত হন আব্দুল কুদ্দুস। ধাক্কা দেওয়ার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

পরে প্রত্যক্ষদর্শীরা আব্দুল কুদ্দুসকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ধাক্কা দিয়ে চলে যাওয়া অ্যাম্বুলেন্সটি শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।