সাতক্ষীরার তালা উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা।
আজ বুধবার সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে খুলনা-পাইকগাছা মহাসড়কের তালা সদর ইউনিয়নের শাহপুর বাজারে ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল রায় সরদার (১৩) তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে তালা উপজেলার নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা আবু তালেব জানান, পাইকগাছা থেকে খুলনাগামী একটি বাস বৃষ্টির মধ্যে যাওয়ার সময় চুকনগর থেকে আসা একটি মোটরসাইকেলকে শাহপুর বাজারের ব্র্যাক অফিসের সামনে চাপা দেয়। এতে কুশল রায় সরদার মোটরসাইকেলসহ বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হন তার বাবা কানাই লাল সরদার।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।