হোম > সারা দেশ > সাতক্ষীরা

পরিমাপে পেট্রল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে অর্ধলাখ টাকা জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

পরিমাপে কম দেওয়ার অভিযোগে মেসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালায় পরিমাপে পেট্রল কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় মেসার্স মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেশিন মেরামত না করা পর্যন্ত পেট্রল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে তালা বাজারের মেলাখোলা এলাকায় অবস্থিত ফিলিং স্টেশনটিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।

অভিযান সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পেট্রল দেওয়া হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ত্রুটিপূর্ণ মেশিন মেরামত না হওয়া পর্যন্ত পেট্রল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নির্ধারিত পরিমাণের চেয়ে কম পেট্রল দেওয়ার অপরাধে ফিলিং স্টেশনটিকে জরিমানা করা হয়েছে। মেশিন মেরামত না হওয়া পর্যন্ত সেখানে পেট্রল বিক্রি বন্ধ থাকবে।