হোম > সারা দেশ > সাতক্ষীরা

তালায় বাড়িতেই নকল সার-কীটনাশক মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মশিয়ার রহমান। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালায় নকল ও ভেজাল সার-কীটনাশক মজুত ও বাজারজাতের অভিযোগে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল সার-কীটনাশক জব্দ করা হয়। জব্দ করা পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে নকল ও ভেজাল সার-কীটনাশক মজুতের তথ্য পাওয়ার পর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মশিয়ার রহমানের বাড়িতে বিভিন্ন ধরনের নকল ও ভেজাল সার-কীটনাশক মজুতের পাশাপাশি সেগুলো উৎপাদন ও বাজারজাতের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা নকল ও ভেজাল পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের ইমান আলী মোড়লের ছেলে। তিনি বিসিআইসি সার সাব-ডিলার হিসেবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, ‘নকল ও ভেজাল সার-কীটনাশক কৃষি উৎপাদন ও কৃষকদের জন্য ক্ষতিকর। অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল সার-কীটনাশক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’