হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরা-ভেটখালী সড়ক: কাজে অনিয়ম, পথে ভোগান্তি

আবুল কাসেম, সাতক্ষীরা 

ধীরগতির নির্মাণকাজের মধ্যেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের বাধায় বন্ধ হয়ে যায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট এলাকায় সাতক্ষীরা-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের এই অংশের নির্মাণকাজ। ছবিটি সম্প্রতি তোলা। আজকের পত্রিকা

সাতক্ষীরা-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য ৬২ কিলোমিটার। ১৭ বছর ধরে এর সংস্কার হয় না। ফলে সড়ক ছিল খানাখন্দ। এই পরিস্থিতিতে দেড় বছর আগে নির্মাণকাজ হাতে নেওয়া হয়। এই কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র ৩১ শতাংশ। সংস্কার করতে গিয়ে কোথাও কোথাও কেটে রাখা হয়েছে রাস্তা। ফলে ভোগান্তি আরও বেড়েছে। এদিকে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও উঠেছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের সাতক্ষীরা কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ভেটখালী পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি নির্মাণে বরাদ্দ রয়েছে ৮২২ কোটি টাকা। ২০২৫ সালের অক্টোবরে মহাসড়কটি নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। চলতি বছরের জুন মাসে তা শেষ করার কথা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত।

৬২ কিলোমিটারের এই সড়কের কাজ দেওয়া হয়েছে ৫টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা সম্প্রতি গিয়ে দেখা যায়, এক পাশে সড়কের ঢালাইয়ের কাজ চলছে, আরেক পাশ খানাখন্দে ভরা। এর মধ্য দিয়ে চলছে বাস, ট্রাক, অটোরিকশা, কাভার্ড ভ্যান। খানাখন্দের কারণে গতিও কম।

এই অংশের নির্মাণকাজে অনিয়মের অভিযোগও রয়েছে। দেবহাটার পারুলিয়া গ্রামের আসাদুজ্জামান বলেন, ‘ইট-সিমেন্ট কম দেওয়ার কারণে ওয়াল সাইড ভেঙে গিয়েছিল। যে মানের সামগ্রী দেওয়ার কথা ছিল, তা ঠিকাদাররা দেয়নি। ওয়াল সাইড ভেঙে পড়ার কারণে স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছিল।’

এ বিষয়ে দেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান বলেন, ‘এই রাস্তাটার জন্য জেলাবাসীর যে দুর্ভোগ, তা বলার অপেক্ষা রাখে না। এই রাস্তাটা যেভাবে হওয়ার কথা ছিল, সে অনুযায়ী ঠিকাদাররা কাজ করছিল না। আমরা নজরদারি করে কাজের মান কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি, কিন্তু পুরোপুরি মানসম্মত কাজ হচ্ছে না।’

সাতক্ষীরা-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দেবহাটা উপজেলার পারুলিয়া অংশের চিত্র। ছবি: আজকের পত্রিকা

একই উপজেলার গাজীরহাট এলাকায় গিয়ে দেখা যায়, যেসব স্থানে কালভার্ট করা হয়েছে সেখানে বিকল্প সড়ক হিসেবে মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে। কোথাও কোথাও ইট-সুরকি দেওয়া হয়েছে। তবে বৃষ্টির কারণে কাদায় এসব বিকল্প সড়ক দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব।

দেবহাটার গাজীরহাট এলাকার নেহাল আহমেদ বলেন, ‘এখানে দুর্নীতি হচ্ছে। সিমেন্ট খুব কম দিচ্ছে। বালুর মানও খারাপ। বর্ষা হলে মসলা উঠে যাচ্ছে। সেটা আবার লেভেল করে দিচ্ছে। দীর্ঘদিন আমরা সাতক্ষীরায় যেতে পারি না।’ তিনি বলেন, ‘১৭ থেকে ১৮ বছর পর রাস্তাটার কাজ শুরু হলো, তাতে যদি এত দুর্নীতি হয়, এটা মেনে নেওয়া যায় না। রাস্তার মান এত খারাপ হলে বেশি দিন টিকবে না।’

তবে মহাসড়কে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ মানতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান এমডি মাঈনুদ্দীন লিমিটেডের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম। তিনি বলেন, ‘আমরা যখন কোনো সামগ্রী আনি, তখন সেটার উৎস অনুমোদন থাকে। এ ছাড়া নির্মাণ সামগ্রীগুলো টেস্ট করে আনা হয়।’

কালীগঞ্জ সদর উপজেলার মৌতলা এলাকায় গিয়ে দেখা যায়, পুরোনো রাস্তার ইট-পাথর তুলে সড়কের দুই পাশে রাখা হয়েছে। এতে সড়ক সরু হয়ে গেছে। ফলো দুপাশ থেকে যান চলাচলের গতি গেছে কমে।

কালীগঞ্জের নলতা এলাকার কে এম সবুজ বলেন, ‘রাস্তার সাইড ওয়ালে যেভাবে পাইলিং হয়েছে, নিম্নমানের সামগ্রীর কারণে তা ধসে পড়েছে।’

সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের বাসচালক মিজানুর রহমান বলেন, ‘এ রাস্তায় দুর্ভোগের শেষ নেই। একপাশ দিয়ে কোনো রকমে গাড়ি চালিয়ে আসতে হচ্ছে। হেলে গড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে সব সময়। মালিক-মহাজনদের লস আর লস।’

সাতক্ষীরা সদর উপজলায় এই সড়কের কিছু এলাকা ঘুরে দেখা যায়, নির্মাণকাজ চলছে। তবে কোথাও কোথাও সড়কের পাথর উঠে গেছে। এতে খানাখন্দের সৃষ্টি হয়েছে।

মহাসড়কটির নির্মাণকাজের সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন জটিলতায় কার্যাদেশ দেওয়া হয় ২০২৫-এর অক্টোবরে। কাজের মেয়াদ ছিল ২ বছর ১১ মাস অথচ বিভিন্ন প্রক্রিযায় সময় নষ্ট হয়েছে ২ বছর। ১১ মাসে আমাদের কাজের অগ্রগতি শতকরা ৩২ ভাগ। এর মধ্যে বৈদ্যুতিক পোলের জন্য ২ ও ৩ নং প্যাকেজের কাজের অগ্রগতি হচ্ছে না। তিনি বলেন, ‘চলতি বছরের জুনে শেষ করার কথা থাকলেও তা শেষ হয়নি। আশা করি ২০২৭ সালের জুনের মধ্যে সমুদয় কাজ শেষ হবে। আর কাজ নিয়মিত মনিটরিং করা হয়। একধরনের ব্লগার না বুঝে-শুনে অহেতুক আমাদের ভাবমূর্তি নষ্ট করে।’

আশাশুনি উপকূলে ৩০০ পরিবারের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণ

সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

তালা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা

টিআরএম বিলের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে তালায় মানববন্ধন

মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক

ভিডিও বিতর্কে শ্যামনগরে বিক্ষোভ, এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবি

শিশুর লাশ উদ্ধার, পরে নারীকে পিটিয়ে হত্যা

খেলা দেখে বাড়ি ফিরে হার্ট অ্যাটাকে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

রাতে খেলা দেখতে বেরিয়ে সকালে ঘেরে মিলল যুবকের মরদেহ

৩০২ নদী-খাল দখলকারী চিহ্নিত, অভিযানে সাতক্ষীরা জেলা প্রশাসন