হোম > সারা দেশ > সাতক্ষীরা

টানা বৃষ্টিতে তালায় জনজীবন বিপর্যস্ত, ধান-সবজি নিয়ে শঙ্কায় কৃষক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

কেটে রাখা ধান জমিতে রাখা হয়েছিল শুকানোর জন্য। কিন্তু সেই ধান এখন বৃষ্টিতে নষ্ট হওয়ার পথে। ছবি: আজকের পত্রিকা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে সাতক্ষীরার তালা উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে, মাঠে পাকা ধান ও শীতকালীন সবজির খেতে পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে ধান ও সবজির জমিতে পানি জমেছে। অনেক কৃষক ধান কেটে মাঠে রেখেছেন। কিন্তু বৃষ্টির কারণে ধান শুকাতে না পারায় সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। একই সঙ্গে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজির খেতেও পানি জমেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৯০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি এবং ১৬৫ হেক্টর জমিতে বাঁধাকপি ও ফুলকপির আবাদ করা হয়েছে।

উপজেলার মহন্দী গ্রামের কৃষক আরশাদ জানান, তাঁর জমির ধান কেটে মাঠে রাখা হয়েছে। টানা বৃষ্টিতে ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি না কমলে ধান ঘরে তোলা সম্ভব হবে না। এ ছাড়া মাঠের অনেক জমিতে এখনো পাকা ধান রয়েছে।

শীতকালীন সবজির খেতে পানি জমে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ছবি: আজকের পত্রিকা

একই গ্রামের ফুলকপি চাষি আকছেদ বলেন, তাঁর ফুলকপির গাছে পাতা বের হতে শুরু করেছে। জমিতে পানি জমে থাকলে গাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষক ফক্কার আলী বলেন, তিনি দুই বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেছেন। তাঁর বাঁধাকপি এখন বিক্রির উপযোগী হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তিনি।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দুই দিনের অব্যাহত বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বৃষ্টির কারণে তাঁরা কাজে যেতে পারছেন না। ফলে তাঁদের দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছে।

এ বিষয়ে তালা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহসিন আলী সরদার বলেন, ‘বর্তমানে ধান পেকে গেছে। তাই জমিতে ধানের গোড়ার অংশে অতিরিক্ত পানি জমে না থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবে সবজির গোড়ায় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে।’

তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি. এম. শাওনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।