সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে পাটকেলঘাটা পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালকসহ ছয়জন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে নিয়ে যান।
আহত ব্যক্তিরা হলেন ইজিবাইকের চালক যুগিপুকুরিয়া গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২৮), তালার দোহর গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী রওশান আরা (৪৫) ও শিশু জান্নাত আরা (৭)। এ ছাড়া গুরুতর আহত রাজবাড়ীর পাংশা এলাকার তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় জানা যায়নি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে।