হোম > সারা দেশ > সাতক্ষীরা

ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

ফেসবুকে সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। ছবি: আজকের পত্রিকা

সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। একই কর্মসূচি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা, অ্যাম্বুলেন্সের ভাড়া ও হাসপাতালের মালামাল ব্যবস্থাপনা নিয়ে ওঠা অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় তালা প্রেসক্লাব চত্বরে তালা প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এবং সহসভাপতি আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন একাত্তর টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, সমাজসেবক ও বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর ইসলাম সাইদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্যসচিব খান নাজমুল হোসেন এবং তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের নানা অনিয়ম ও অসংগতি তুলে ধরেন। তাই দায়িত্বশীল ব্যক্তিদের সাংবাদিকদের সম্পর্কে দায়িত্বশীল বক্তব্য দেওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য পেশাগত মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। তাঁরা এ ঘটনার প্রতিবাদ জানান এবং সাংবাদিকদের সম্মান রক্ষার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়েও বিভিন্ন অভিযোগ তোলেন। তাঁদের দাবি, মিজানুর রহমান দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের সেবার মান ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। রোগীদের ভোগান্তি বেড়েছে এবং ডেঙ্গু আক্রান্ত রোগীরাও যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তাঁরা।

এ ছাড়া হাসপাতালের মালামাল বিক্রি এবং বিষয়টি জানাজানি হওয়ার পর কিছু মালামাল ফেরত আনার অভিযোগ তোলেন বক্তারা। তাঁদের দাবি, হাসপাতালের অ্যাম্বুলেন্স ভাড়ার ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ৪০০ টাকা নেওয়া হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মিজানুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘আমার মনে হয় কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মী।’

মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তালা ও সাতক্ষীরার সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। পরদিন বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন সাংবাদিক তাঁদের ফেসবুক আইডিতে ওই মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে কয়েকজন সাংবাদিক হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগও সামনে আনেন।

পরে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে আরেকটি পোস্ট দিয়ে আগের বক্তব্যের ব্যাখ্যা দেন মিজানুর রহমান। সেখানে তিনি লেখেন, ‘কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কে, একমাত্র আল্লাহই ভালো জানেন। আমার দেওয়া পোস্ট এক্সপ্লেইন করলাম। আমার পোস্টে কোনো মিডিয়াকর্মী কষ্ট পেলে আমি দুঃখিত।’

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘আমার দেওয়া পোস্ট এক্সপ্লেইন করেছি। আমার পোস্টে কোনো মিডিয়াকর্মী কষ্ট পেলে আমি দুঃখিত।’

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

তালায় মাছ চুরির সন্দেহে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

জমি নিয়ে বিরোধ, ভাতিজার দায়ের কোপে প্রাণ গেল চাচির

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ

ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবককে দুই দফায় গণধোলাই, উদ্ধার করল পুলিশ

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষিকার