রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেলের ধারে মাথার খুলি ও একটি মরদেহের খণ্ডিত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এসব উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে সেচ ক্যানেলের পাশের জমিতে কাজ করতে যান কয়েকজন কৃষক। এ সময় দুর্গন্ধ পেয়ে তাঁরা ক্যানেলের ধারে এগিয়ে গেলে প্রথমে একটি মাথার খুলি ও পরে ঝোপের মধ্যে মরদেহের কঙ্কাল দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে।
খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয় বাসিন্দাদের ধারণা, অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি সেচ ক্যানেলের ধারে ফেলে রাখা হয়েছিল।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাথার খুলি ও মরদেহের বিভিন্ন অংশের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করবে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং মরদেহের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।