রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য তিন দিনব্যাপী বিনা মূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিটের সহযোগিতায় ১৭ থেকে ১৯ আগস্ট এ কর্মসূচি চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, বাঁধন প্রতিবছর শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের এ মানবিক আয়োজন করে থাকে, যা অত্যন্ত প্রশংসনীয়। রক্তের গ্রুপ জানা সবার জন্যই অত্যন্ত জরুরি।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি এ কার্যক্রমের মাধ্যমে একটি সমৃদ্ধ ডাটাবেস তৈরি হচ্ছে। জরুরি প্রয়োজনে এ ডাটাবেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ ও দরিদ্র রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. জাহিদ হোসেন, মার্কেটিং বিভাগের প্রফেসর মো. ফেরদৌস রহমান, মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ এম এম শাহরিয়ারসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।