হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে চার উন্নয়ন প্রকল্পে জেলা পরিষদের ১ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  

রংপুরের পীরগঞ্জে সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক চারটি উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে রংপুর জেলা পরিষদ। জেলা পরিষদের উন্নয়ন সহায়তা খাত থেকে এসব বরাদ্দ অনুমোদন করা হয়।

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা এবং পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এসব প্রকল্প নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের উদ্যোগ এবং দিকনির্দেশনায় এসব উন্নয়ন অনুদান বাস্তবায়িত হচ্ছে বলে জানানো হয়েছে।

রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পীরগঞ্জের শিক্ষা ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন আরও এগিয়ে যাবে। প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রমে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পীরগঞ্জের শিক্ষা ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।