রংপুর নগরীতে একটি ক্যাডেট কোচিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা শিক্ষার্থী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে। আজ বুধবার ভোর সাড়ে ৩টার পর নগরীর পর্যটন মোটেলের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির ব্যাপক ক্ষতি হয়। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।
বাসচালক আখতার হোসেন বলেন, গত ১৪ নভেম্বর শিল্পকলা একাডেমিতে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে বাসটি কোচিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা হয়। আজ ভোররাতে বাসে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন, বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কোচিং সেন্টারের শিক্ষক শিপন মিয়া বলেন, তাঁর বাসা কোচিং সেন্টারের পাশেই। ভোররাতে চিৎকার শুনে বাইরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। তবে ততক্ষণে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে যায়।
কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম বলেন, শিক্ষার্থীদের পরিবহনের পর প্রতিদিন বাসটি প্রতিষ্ঠানের সামনে রাখা হতো। গতকালও সেখানেই ছিল। রাতে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন, বাসটি পুড়ে গেছে। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না।
ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে পাশের একটি মাদ্রাসার শিক্ষক এনামুল হক বলেন, গভীর রাতে মাদ্রাসার পাশ থেকে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে বাইরে এসে বাসটি লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বলে শনাক্ত করেন। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি দেখেননি।
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, ‘এখনো মামলা হয়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’