হোম > সারা দেশ > রংপুর

মির্জা ফখরুল ও রিজভীকে শুভেচ্ছা জানিয়ে রংপুরে বিএনপির আনন্দ মিছিল

রংপুর প্রতিনিধি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রংপুরে আনন্দ মিছিল করেছে মহানগর বিএনপি। ছবি: আজকের পত্রিকা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রংপুরে আনন্দ মিছিল করেছে মহানগর বিএনপি।

আজ শনিবার দুপুরে নগরের গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

আনন্দ মিছিলের নেতৃত্ব দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির নেতারা বলেন, উত্তরবঙ্গের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং দলের ত্যাগী নেতা রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রংপুরের নেতা-কর্মীরা আনন্দিত।

নেতারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ও ত্যাগী নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে এনেছেন। রংপুর দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। এ অঞ্চলে বেকারত্বও বেশি। রাষ্ট্র ও দলের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পাওয়া দুই নেতা আগামী দিনে রংপুরের উন্নয়নে ভূমিকা রাখবেন—এটাই তাঁদের প্রত্যাশা। সমাবেশে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।