রংপুরের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাহি নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছোটকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহি ছোটকুয়া গ্রামের আয়ুব আলীর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন বান্ধবীর সঙ্গে গোসল করতে নামে মাহি। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর মাহিকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা বান্ধবীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে গিয়ে মাহির সন্ধানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, বিষয়টি এখনো জানতে পারিনি। খোঁজখবর নিয়ে দেখি।