রংপুরের কাউনিয়ায় বাংলাবাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগসংক্রান্ত ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ রোববার উপজেলার হারাগাছ পৌর শহরের মেনাজবাজার গোল্ডেনঘাট এলাকায় এ মানববন্ধন হয়। এতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন হারাগাছ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নয়ন মনি, সদস্য তোফাজ্জল হোসেন, অভিভাবক জাহাঙ্গীর আলম, পল্লিচিকিৎসক রফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালে বাংলাবাজার উচ্চবিদ্যালয়ে অফিস সহায়ক, আয়া ও পরিচ্ছন্নতাকর্মী তিনজনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া তিনজন বিদ্যালয়ের উন্নয়নের জন্য ১৪ লাখ টাকা ডোনেশন করেন। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর সেই টাকায় বিদ্যালয়ের কোনো উন্নয়নকাজ না করে প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। সেই ১৪ লাখ টাকা উদ্ধার করে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করার দাবি জানান বক্তারা।
অভিযোগের বিষয়টি মিথ্যা দাবি করে প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম জানান, কিছু ব্যক্তি সম্মানহানি করতে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন।
বাংলাবাজার উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এবং ইউএনও পাপিয়া সুলতানা বলেন, বাংলাবাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের বলেন, কাজের চাপের কারণে তদন্ত কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। আগামী সপ্তাহের যেকোনো দিন ওই বিদ্যালয়ে গিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হবে।