রংপুরের বদরগঞ্জে গত ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও কিশোরসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। একই দিনে এতগুলো মৃত্যুর ঘটনায় পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, আত্মহত্যা এবং রহস্যজনক মৃত্যুর ঘটনা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে উপজেলার উত্তর মোকসেদপুর ধাপপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় নাঈম ইসলামের (১৫)। নাঈম ইসলাম ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয় সে।
একই দিন দামোদরপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বসত ঘর থেকে হৃদয় বাবু (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর কয়েক ঘণ্টা পর কুতুবপুর ইউনিয়নের নাটারাম নয়াপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পারভীন (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
আজ সোমবার সকালে রাধানগর ইউনিয়নের দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বজ্রপাতে মারা যান ফেরদৌস আলী (২০)। বৃষ্টির সময় একটি ঘরে অবস্থানকালে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই দিন পৌর শহরের শাহাপুর গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে নিলয় (১৭) নামের এক কিশোর।
অন্যদিকে বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম খাগড়াবন্দ গ্রামে মাঠে গরু নিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে মারা যান জাহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ‘তিনটি ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। অপর তিনজনের মধ্যে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অন্যজনের মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে।’