হোম > সারা দেশ > রংপুর

স্ত্রীকে নির্যাতনের ঘটনায় বেরোবি ছাত্রদল নেতাকে সংগঠন থেকে অব্যাহতি

বেরোবি প্রতিনিধি 

মো. মাইদুল ইসলাম বাপ্পি। ছবি: সংগৃহীত

স্ত্রী নির্যাতনের অভিযোগ ওঠা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পির পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত সোমবার মাইদুল ইসলামের বিরুদ্ধে যৌতুক ও নেশার টাকার জন্য বেরোবি শিক্ষার্থী ও তাঁর স্ত্রীকে নির্যাতনের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। একই সঙ্গে হত্যার হুমকি, নেশার টাকার জন্য মারধর, মানসিক নির্যাতন, যৌতুকের জন্য চাপ সৃষ্টির অভিযোগ তুলে ভুক্তভোগী নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন।