হোম > সারা দেশ > রংপুর

মাঝরাতে মাটিভর্তি ডাম্প ট্রাক জব্দ, ভোরে থানা থেকে উধাও

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

বদরগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে গতকাল সোমবার রাতে মাটিভর্তি দুটি ডাম্প ট্রাক জব্দ করার পর সেগুলো আবার আজ মঙ্গলবার ভোরে থানা থেকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, বদরগঞ্জ থানা-পুলিশকে ম্যানেজ করে মাটিখেকোরা ফসলি জমির মাটি কেটে ডাম্প ট্রাকে উপজেলার অন্যান্য জায়গায় পাচার করছে। এ কারণে ডাম্প ট্রাকমালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

জানা গেছে, বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর এলাকার কৃষিজমির মাটি অনেক দিন ধরে রাতের অন্ধকারে ডাম্প ট্রাকে করে বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছিল। ভারী ভারী এসব ট্রাক চলাচলের কারণে গ্রামাঞ্চলের রাস্তাঘাটের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। এতে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গতকাল রাত দেড়টার দিকে ওই এলাকা থেকে দুটি মাটিভর্তি ডাম্প ট্রাক যাওয়ার সময় একই ইউনিয়নের কালা আমেরতল গ্রামের লোকজন সেগুলো আটক করে থানা-পুলিশে খবর দেন। পরে বদরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাক দুটি থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী রিফাত ইসতিয়াক বলেন, ‘এলাকাবাসী মাঝরাতে ডাম্প ট্রাক আটক করেছে শুনে ঘটনাস্থলে যাই। পরে দেখি, থানার পুলিশ এসে ট্রাক দুটি থানায় নিয়ে গেছে। সকালে খবর পাই, ভোরে থানা থেকে উধাও হয়েছে ডাম্প ট্রাক দুটি।’

কালা আমেরতল গ্রামের মোস্তাক আহম্মেদ অভিযোগ করে বলেন, ‘থানা-পুলিশকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে গভীর রাতে এলাকার ফলসি জমির মাটি ডাম্প ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল উপজেলার বাইরে। পুলিশ প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা গ্রামবাসী ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি। শুনলাম, সেই ট্রাক নাকি ভোরবেলায় ছেড়ে দেওয়া হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে এক যুবক বলেন, বদরগঞ্জ থানার ওসিকে ম্যানেজ করে বিভিন্ন এলাকা থেকে মাটি ও বালু ডাম্প ট্রাকে নিয়ে যাওয়া হয় উপজেলার বাইরে। এ কারণে কেউ ট্রাক আটক করলেও গাড়ির মালিকদের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেওয়া হয় না।

মাটিখেকোদের দ্বারা ম্যানেজ হওয়ার অভিযোগ প্রত্যাখান করে আজ দুপুর ১২টায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ওই দুটি ডাম্প ট্রাক থানায় নেওয়ার পর ট্রাফিক আইনে মামলা করা হলে তা ছেড়ে দেওয়া হয়। ‘মামলার বাদী কে হয়েছে এবং কত টাকার মামলা’—এমন প্রশ্ন করা হলে ওসি বলেন, ‘ভাই আমি একটি মিটিংয়ে আছি, পরে বিষয়টি নিয়ে কথা বলছি।’ পরে বেলা ৩টার দিকে মোবাইল ফোনে ওসি বলেন, দুটি ট্রাকের মধ্যে একটির ছয় হাজার ও আরেকটির তিন হাজার টাকার মামলা দেওয়া হয় এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে তাঁরা টাকা পরিশোধ করে ট্রাক নিয়ে গেছেন। আজকে সকালে সার্জেন্ট এসে মামলায় স্বাক্ষর করেছেন। একপর্যায়ে তিনি বলেন, ‘ভাই, যা করেছি, আইন মেনেই করেছি।’

এদিকে আজ দুপুরে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানা বলেন, ‘ওই ডাম্প ট্রাক আটক, মামলা কিংবা ছেড়ে দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।’

মাটিভর্তি ডাম্প ট্রাক ছেড়ে দেওয়ার ব্যাপারে মোবাইল ফোনে রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে। যদি আইনের বাইরে ডাম্প ট্রাক ছেড়ে দেওয়া হয়, তাহলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রমিকের শাস্তির প্রতিবাদে কর্মবিরতি, পার্বতীপুরে ডিপোর তেল পরিবহন বন্ধ

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত ও আহত ৪

বেরোবিতে ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ঢাবি ছাত্র, থানায় নিয়ে মুচলেকা

বাড়িতে মজুত রেখে বেশি দামে পেট্রল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

রানা প্লাজায় ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেও ফেরি দুর্ঘটনায় পদ্মায় হার মানলেন নাসিমা

জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আন্দোলন: আজহারুল

গঙ্গাচড়ায় সহিংসতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

অবৈধ দোকানপাট উচ্ছেদে রসিকের অভিযান

কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা

‘রাফার আব্বু তুমি আমারে মাফ করিয়া দিয়ো’