প্রয়োজনে জীবন দেব, তবু পতিত স্বৈরাচারকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার সভাপতি আব্দুর রাকিব মুরাদ। তিনি বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা বন্ধ করতে হবে। একই সঙ্গে গণভোটের গণরায় ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুর রাকিব মুরাদ বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭ বছর দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। তারা গুম, খুন ও হত্যার রাজনীতি চালু করেছিল। সেই পতিত স্বৈরাচার আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করে বিভাজনের রাজনীতি করতে চায়। তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রয়োজনে আবারও জীবন দেব, রক্ত দেব। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই পতিত স্বৈরাচারকে আর দেশে ফিরতে দেব না।’
শিবিরের এই নেতা আরও বলেন, জুলাই-আগস্টে শেখ হাসিনার শাসনামলে দুই হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তাঁর ভাষ্য, শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না। কেউ আবারও হত্যা ও নৈরাজ্যের রাজনীতি শুরু করতে চাইলে জনগণ তা প্রতিহত করবে।
শেখ হাসিনার মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের আলোচনার প্রসঙ্গ টেনে শিবিরের এই নেতা বলেন, তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, তা নিয়ে পার্শ্ববর্তী দেশ যেন কোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে আব্দুর রাকিব মুরাদ বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসনে ভূমিকা রাখছে বলে তাঁরা দেখতে পাচ্ছেন। তাঁর অভিযোগ, বিভিন্ন নেতার বাসা থেকে আওয়ামী লীগ নেতাদের আটক করা হচ্ছে, আবার তাদের কমিটিতে রাখা হচ্ছে এবং বৈঠকও করা হচ্ছে। তিনি এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
তিনি বলেন, জুলাইয়ের মতো সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামলে কোনো শক্তিই তাঁদের রুখতে পারবে না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটের রায় ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে তিনি আরও বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নামে কথিত নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক ঐক্য প্রয়োজন। এ জন্য গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। প্রয়োজনে আবারও রাজপথে নামার ঘোষণা দেন শিবিরের এই নেতা।