হোম > সারা দেশ > রংপুর

কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  

প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ফাইল ছবি

সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব, কৃষি কার্ড দেব, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেব। বিনিময়ে আমাদের দাবি একটাই, ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে।’

আজ মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগঞ্জে বড়দরগাহ-ভেন্ডাবাড়ি সড়ক শক্তিশালীকরণ ও মেরামতকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মীর শাহে আলম এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মীর শাহে আলম বলেন, ‘বৃক্ষরোপণ, খাল খনন, চাকরি ও কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট ও ব্রিজ—উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, আমরা তা করব। তবে যদি ধানের শীষে ভোট না দেন, তাহলে সরকার হিসেবে আমরা অসন্তুষ্ট হব। আপনাদের মনের ভেতরে যেমন বেদনা থাকবে, তেমনি আমাদেরও বেদনা তৈরি হবে।’

জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামের সংসদ সদস্য হতে না পারার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘সাইফুল ইসলামসহ বিএনপির যারা এমপি হতে পারেননি, তাঁদের কষ্ট আমাদের মনেও আছে, প্রধানমন্ত্রীর মনেও আছে। সাইফুল ইসলাম ও আমি একসঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। সাইফুল এমপি হলে হয়তো একজন মন্ত্রী হতেন, এটা এলাকার মানুষের দুর্ভাগ্য। আজ আমার পরিবর্তে সাইফুল এই এলাকায় থাকতেন।’

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, ‘এই ছয় মাসে এ উপজেলায় (পীরগঞ্জ) ২২ কোটি টাকা দিয়েছি। সামনে আপনাদের কিছু পরীক্ষা আছে—উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন। এসব নির্বাচনে বিএনপি যাদের মনোনয়ন দেবে, তাঁদের নির্বাচিত করতে হবে। তাহলেই ভেন্ডাবাড়ি উপজেলা হবে, বাকি রাস্তাগুলোর কাজ হবে এবং এ উপজেলার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।’