সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক আব্দুল বারী দুলালকে হাসপাতালে দেখতে গেছেন রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য (এমপি) মো. রায়হান সিরাজী। আজ রোববার তিনি গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি বাজারে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক দুলাল। পরে তাঁকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত আব্দুল বারী দুলাল আঞ্চলিক দৈনিক প্রতিদিনের বার্তা ও ঢাকা থেকে প্রকাশিত লাখোকণ্ঠ পত্রিকার গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি। তিনি গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
হাসপাতালে সাংবাদিক দুলালের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পর এমপি রায়হান সিরাজী বলেন, ‘নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই আহত সাংবাদিক দুলাল ভাইকে দেখতে এসেছি। সাংবাদিকেরা দেশের দর্পণ। তাঁরা সমাজের নানা অনিয়ম ও বাস্তবতা জাতির সামনে তুলে ধরেন। একজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আমি নিন্দা জানাই।’
সিরাজী আরও বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানাচ্ছি। একই সঙ্গে আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নিয়েছি। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।’
এ সময় এমপি আহত সাংবাদিকের উন্নত চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন মেডিকেল কর্মকর্তা মো. মাহাবুব হাসান, গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা জামায়াতের মিডিয়া সেলের প্রধান আশরাফুল আলমসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুধীজনেরা।