হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরীপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে আতাউর রহমান ওরফে আতা (৪৬)। তিনি বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অপরজন খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া উত্তর বিড়াবাড়ি এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. এনছান আলী (৩৮)। তিনি খলেয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার থেকে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে খলেয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এনছান আলীকে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে।