হোম > সারা দেশ > রংপুর

আদালতে এসআইয়ের মোটরসাইকেল চুরি, খুঁজতে গিয়ে মিলল আরও ৯টি

রংপুর প্রতিনিধি

গ্রেপ্তার চারজন। ছবি: সংগৃহীত

রংপুর মহানগর পুলিশের (আরএমপি) এক উপপরিদর্শকের (এসআই) মোটরসাইকেল চুরির মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের বিভিন্ন স্থান থেকে আরও ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন জেলার মিঠাপুকুর উপজেলার কয়ারমারী এলাকার ফুলু মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান (২৮), পীরগঞ্জের শাহাপাড়া হাজীপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে হুমায়ুন কবীর রাব্বী (১৯), বদরগঞ্জের কুতুবপুর বালুয়াপাড়ার আনিসুল হকের ছেলে ওবায়দুল হক (৩৪) এবং একই উপজেলার জামুবাড়ী যাদুনগর এলাকার মুক্তি আলমের ছেলে রমজান আলী (১৯)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর রংপুর মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ তলা ভবনের নিচে সিঁড়ির বাম পাশে মোটরসাইকেল রেখে কোর্ট হাজতখানার আসামি-সংক্রান্ত বিষয়ে কোর্ট ইন্সপেক্টরের সঙ্গে দেখা করতে যান এসআই রিয়াজুল ইসলাম। কাজ শেষে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি আর পাননি।

পরে আদালত চত্বর ও আশপাশের এলাকায় মোটরসাইকেলটির খোঁজ করেন তিনি। আদালত চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে, কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে গেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন এসআই রিয়াজুল ইসলাম।

মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও পুলিশের সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে মোস্তাফিজুর রহমানকে শনাক্ত করা হয়। তাঁকে আটকের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হুমায়ুন কবীর রাব্বী, ওবায়দুল হক ও রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রাহাত মিয়া (২০) নামের আরও একজন পলাতক রয়েছেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে বদরগঞ্জের সিও রোড সেতু-সংলগ্ন মেসার্স মুগ্ধ রিকন্ডিশন বাইক সেন্টারে অভিযান চালিয়ে আরও ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

থানার পরিদর্শক মিলন কুমার চ্যাটার্জি বলেন, গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ এবং আন্তজেলা মোটরসাইকেল চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে রিমান্ডের আবেদন করা হবে।