হোম > সারা দেশ > রংপুর

৮ মাসেও শুরু হয়নি রাস্তা পাকা করার কাজ

আশরাফুল আলম, বদরগঞ্জ

বদরগঞ্জ মোস্তফাপুর ঘাট থেকে কালীঘাট রাস্তা কাদায় ভরা। ছবি: আজকের পত্রিকা

কাজের আদেশ দেওয়ার আট মাস পেরিয়ে গেলেও রংপুরের বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর ঘাট থেকে কালীঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ শুরু হয়নি। ফলে এলাকার হাজারো মানুষ ওই কাঁচা রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, কাজের চুক্তির মেয়াদ শেষ হতে তিন মাসের মতো বাকি রয়েছে। এখনো কাজ শুরু না হওয়ায় নির্ধারিত সময়ে রাস্তার কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার মোস্তফাপুর ঘাট থেকে কালীঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য ৩ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৫০২ টাকা বরাদ্দ দেয়। কাজটি পায় রংপুরের মেসার্স রাঙ্গা কনস্ট্রাকশন। গত ২৩ মার্চ কাজের কার্যাদেশ দেওয়া হয়। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে ভোগান্তির শেষ নেই। সামান্য বৃষ্টিতে রাস্তাটি কাদায় একাকার হয়ে যায়। কাদার কারণে কৃষিপণ্য পরিবহন প্রায় বন্ধ থাকে।

জানতে চাইলে ঠিকাদার আব্দুর রব রাঙ্গা বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় এত দিন কাজ শুরু করতে পারিনি। তবে দ্রুত কাজ শুরু করব।’

বদরগঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ইতিমধ্যে কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে এবং আগামী ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ঠিকাদার কেন এখনো কাজ শুরু করেননি, সে বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত কাজ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।