রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে আবু সিদ্দিক (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে হারাগাছ পৌরসভার চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবু সিদ্দিক কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের পল্লিমারি হকের বাজার এলাকার রাজা মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে হারাগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ওবায়দুর রহমান এবাদ বলেন, রোববার সন্ধ্যার পর সিদ্দিক বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদরের মিলন বাজারে যান। বাজারের পাশেই কাউনিয়ার হারাগাছ পৌরসভার শেষ সীমানা চরচতুরা গ্রাম। রাত ৯টার দিকে স্বজনেরা খবর পান, চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তায় সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে ঘাড় ও মুখে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে হারাগাছ থানা-পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই মজমুল জানান, মিলন বাজারে অবস্থানকালে মোবাইল ফোনে কারও সঙ্গে সিদ্দিকের বাগ্বিতণ্ডা হতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই দুর্বৃত্তরা তাঁকে নির্জন এলাকায় ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। যুবকের মুখ, ঘাড় ও গলায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।