হোম > সারা দেশ > রংপুর

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার শাহরিয়ার আহমেদ সাকিন। ছবি: আজকের পত্রিকা

রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার প্রেমিক শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নুজসাতের বাবার করা মামলার ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজের এই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে মহানগর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ তথ্য জানান।

সনাতন চক্রবর্তী বলেন, ‘গতকাল সোমবার নগরীর পায়রা চত্বর এলাকার নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যায় এক মেয়ে। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে হয়েছে। তদন্ত চলাকালে আজকে মেয়ের বাবা কোতোয়ালি থানায় একটা এজাহার দায়ের করেছেন। তাঁর মেয়ে আত্মহত্যা করেছে বলে জানান আমাদেরকে। এজাহারে একজনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁর নাম শাহরিয়ার আহমেদ সাকিন। বাবার নাম ফুরকান আলী। বাড়ি ধাপ চিলকী ভাটার দিকে। তিনি রংপুর মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র।’

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে শাহরিয়ার আহমেদ সাকিনের সঙ্গে নুজসাতের ১০ মাসের সম্পর্কের সত্যতা মিলেছে। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তাঁদের মধ্যে মোবাইল ফোনে কথোপকথন হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সনাতন চক্রবর্তী আরও বলেন, ‘মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে সাকিনকে আমরা হেফজতে নিই। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। একপর্যায়ে জানতে পারি, তাঁর সঙ্গে ওই মেয়ের সম্পর্ক ছিল। মেয়ের বাবা অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে সম্পর্কের জেরেই মেয়েটা আত্মহত্যা করেছে। মেয়ের বাবার এজাহারের ভিত্তিতে গ্রেপ্তার করে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। এখনো তদন্ত চলছে।’

এদিকে আদালতে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিন দাবি করেন, নিহত শিক্ষার্থীকে তিনি একটি ব্যাচে পড়াতেন। মেয়েটি তাঁকে পছন্দ করে বুঝতে পেরে তিনি ওই ব্যাচ ছেড়ে দেন। পরে মেয়েটির মায়ের অনুরোধে অন্য একটি ব্যাচে তাঁকে পড়ালেও আলাদাভাবে কখনো পড়াননি।

সাকিন বলেন, ‘যখন দেখলাম, ও আমাকে পছন্দ করছে, হোয়াটসঅ্যাপে নক করছে, তখন আমি তাকে ব্লক করে রাখি। প্রায় তিন মাস হবে ওকে প্রাইভেট পড়াই না। গতকাল ওই সময়টায় আমি অন্য জায়গায় প্রাইভেট পড়ানোয় ব্যস্ত ছিলাম।’

নিহত নুজসাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি নগরীর খলিফাপাড়া এলাকায়।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নুজসাত হোটেলের ৯ তলার ছাদে যায় এবং প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে। সিসিটিভি ফুটেজে তাকে ছাদে হাঁটাহাঁটি ও মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে রেলিংয়ের ওপর বসার পর সে নিচে পড়ে মারা যায়। ওই সময় তার আশপাশে অন্য কাউকে দেখা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রংপুরে পৃথক অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ৩

বিড়ির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ

রংপুরের পীরগঞ্জ: পানি নেই, আমনের খেত ফেটে চৌচির

তীব্র দাবদাহে আমনখেতে ফাটল, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কাউনিয়ায় ফখরুল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, মহাসড়ক অবরোধ

রংপুরে বাড়ির সামনে ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রংপুর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রংপুরে প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দাবিতে ৩০ নভেম্বর হরতালের ডাক