হোম > সারা দেশ > রংপুর

গ্যাস, বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাসের মূল্য বৃদ্ধি এবং ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। ছবি: আজকের পত্রিকা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাসের মূল্য বৃদ্ধি এবং ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। আজ বৃহস্পতিবার সকালে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে সংগঠনটির নেতা-কর্মীরা মিছিলটি বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাবেশ করে। পরে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক ও মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, জেলা নাগরিক পার্টির আহ্বায়ক আল-মামুনসহ জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদান শেষে নেতারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাজার সিন্ডিকেট ইচ্ছে মতো গ্যাসের মূল্য বৃদ্ধি করে চলেছে।

তারা অভিযোগ করেন, জনদুর্ভোগ ও সংকট-সমস্যা নিয়ে প্রশাসনসহ কারও কোনো ভ্রুক্ষেপ নেই। রংপুরের বিভিন্ন বাড়িতে জোরপূর্বক প্রি-পেইড মিটার স্থাপনসহ অনেক বাড়িতে ভুতুড়ে বিল দেওয়া হচ্ছে। এমন অব্যবস্থাপনা প্রতিকারে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। সরকার এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।

এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে একটি স্মারকলিপি গ্রহণ করেছি। স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’