হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে নকল আইসক্রিম কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

নকল আইসক্রিম তৈরি ও বাজারজাতের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে নকল আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানায় থাকা প্রায় দুই হাজার আইসক্রিম ও আইসক্রিম তৈরির বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়।

আজ শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের সোডাপীর বাজারে অবস্থিত পাইলট আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী।

অভিযানকালে কারখানাটিতে তেঁতুল, স্ট্রবেরিসহ বিভিন্ন ধরনের আইসক্রিম এবং নামীদামি প্রতিষ্ঠানের চটকদার মোড়ক ব্যবহার করে নকল আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত আইসক্রিম ও তৈরির উপকরণ ধ্বংস করে কারখানাটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নখারপাড়া গ্রামের আশরাফুল আলম দীর্ঘদিন ধরে এসব নকল আইসক্রিম তৈরি ও বাজারজাত করে আসছিলেন। অভিযানে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তাফাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।