হোম > সারা দেশ > রংপুর

গরুর পানি খাওয়ানোর হাউসে পড়ে শিশুর মৃত্যু

রংপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জে গরুকে পানি খাওয়ানোর হাউসে পড়ে মুকিত নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুকিত ওই এলাকার মইনুল হোসেন ও নিতুন জেরার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলছিল মুকিত। এ সময় পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশে গরুকে পানি খাওয়ানোর জন্য তৈরি হাউসের কাছে চলে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে হাউসের পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।

স্বজনেরা দ্রুত মুকিতকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুকিত দুই ভাই-বোনের মধ্যে ছোট। তার বড় বোন মাওন জেরার বয়স পাঁচ বছর। পরিবারের সদস্যরা জানান, মাত্র ১৬ মাস বয়সী মুকিতকে ঘিরে তাদের অনেক স্বপ্ন ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাড়িতে স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেন। কান্নায় ভেঙে পড়েন মা-বাবাসহ পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

সয়ার ইউনিয়নের ইউপি সদস্য মনসুর পাটোয়ারী বলেন, ‘এত ছোট একটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি শুনে আমরা সবাই শোকাহত। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাড়ির আশপাশে থাকা পানির হাউস, গর্ত ও ঝুঁকিপূর্ণ স্থান নিরাপদ রাখার পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’