রংপুরের বদরগঞ্জে চোর সন্দেহে মকবুল হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার ভোরে উপজেলার দলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলিপাড়া মৌলভীডাঙ্গা গ্রামের সবুজ শেখের ছেলে।
পুলিশ জানায়, বদরগঞ্জের দলুয়া গ্রামে কুইন চিকস সিপি নামের মুরগির খামারের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মকবুল হোসেন। এ সময় খামারের ব্যবস্থাপক ও কর্মচারীরা তাঁকে ধরেন। পরে চোর সন্দেহে তাঁকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মকবুল হোসেনকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন—খামারের কর্মচারী শিহাব বাবু ও সৈয়দ শাহাদ। মকবুল হোসেন চুরি করতে খামারে প্রবেশ করেছিলেন, সেটা প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত। তবে মৃত্যুর ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।