হোম > সারা দেশ > রংপুর

ভেজাল গুড় তৈরির অভিযোগে সোয়া ২ লাখ টাকা অর্থদণ্ড

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে উপজেলার ময়েনপুর ইউনিয়নের ফুল চৌকি গ্রামে মুকুল মিয়ার গুড় তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মুকুল মিয়ার গুড় তৈরির কারখানায় বিপুল পরিমাণ ভেজাল গুড় মজুত রয়েছে—এমন সংবাদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল গুড় তৈরি এবং মজুতের দায়ে মুকুল মিয়াকে ২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান বলেন, ‘কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল গুড় তৈরি করে মজুত করা হচ্ছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’