রংপুরের কাউনিয়ায় বাড়ির বাইরে খেলার সময় পাঁচ বছরের এক শিশুকে পেয়ারার লোভ দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসমান গনি (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ওসমান গনি উপজেলার হারাগাছ ইউনিয়নের বাসিন্দা।
আজ সোমবার (১২ অক্টোবর) পুলিশ তাঁকে রংপুর আদালতে পাঠিয়েছে। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটি তার এক বছরের ছোট ভাইকে নিয়ে কাউনিয়ায় দাদীর কাছে থাকত। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় ওসমান গনি শিশুটিকে একা পেয়ে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওসমান গনি পালিয়ে যায়।
ঘটনা জানতে পেরে শিশুটির বাবা-মা গত ৯ অক্টোবর ঢাকা থেকে বাড়িতে আসেন এবং মেয়ের মুখে বিস্তারিত শোনেন। পরে গতকাল রাতে শিশুটির বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা করেন।
কাউনিয়া থানার পরিদর্শক বাদল কুমার মণ্ডল জানান, শিশুটির বাবার করা ধর্ষণচেষ্টার মামলায় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।