রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন চার কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আটক কিশোরেরা হলেন গঙ্গাচড়া উপজেলার পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয়, যশোরের মনিরামপুর উপজেলার মনিরামপুর এলাকার রাকিবুজ্জামান রাকিব, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কাশিমবাজার এলাকার আসয়োত মুবিন স্বরূপ এবং রংপুর নগরের পাগলাপীর মহাদেবপুর এলাকার নাহিদ হোসেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোরদের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে জেলা ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা দাবি করেছেন, আটক চারজনের মধ্যে শাহরিয়ার হৃদয় ও নাহিদ হোসেনের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে।
আটক শাহরিয়ার হৃদয় গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলনের ভাতিজা এবং উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশেকুজ্জামান লিটনের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, আটক কিশোরদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।