হোম > সারা দেশ > রংপুর

মসজিদে জমি দান করায় দুই ছেলে ও নাতির বিরুদ্ধে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  

ভুক্তভোগী বৃদ্ধা জোবেদা বেগম। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জে মসজিদের নামে পাঁচ শতক জমি দান করার সিদ্ধান্ত নেওয়ায় ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর দুই ছেলে ও দুই নাতির বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী বৃদ্ধা পীরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জোবেদা বেগম (৭৫) থানায় দেওয়া অভিযোগে জানান, নিজ মালিকানাধীন পাঁচ শতক জমি নাছিরাবাদ কাজীপাড়া জামে মসজিদের নামে দান করার সিদ্ধান্তের কথা পরিবারকে জানান। এতে ক্ষুব্ধ হন তাঁর দুই ছেলে জয়নাল আবেদীন (৫৫) ও আব্দুল জলিল ওরফে ঠান্ডা (৪০) এবং দুই নাতি সুজন মিয়া ও আলামিন মিয়া।

জোবেদা বেগম অভিযোগ করেন, জমি দানের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই অভিযুক্তরা তাঁর ওপর নানাভাবে মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় তাঁকে মারধর করা হয়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তিনি চিকিৎসাও গ্রহণ করেন।

এ বিষয়ে পাঁচগাছি ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজার রহমান বলেন, জমি দান ও পারিবারিক বিষয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ ছিল। মারধরের শিকার হয়ে ওই বৃদ্ধা চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগী বৃদ্ধার বড় ছেলে জয়নাল আবেদীন দাবি বলেন, ‘শিউলি, চামেলি, রেখা ও ছমেলা—এই চার বোনই মারপিট করেছে। এখন মিথ্যা মামলায় আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে।’

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ভুক্তভোগী বৃদ্ধার লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটির তদন্ত করছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।