হোম > সারা দেশ > রংপুর

উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, চার মাস পর বরখাস্ত শিক্ষক

কুড়িগ্রাম প্রতিনিধি

মনিবুল হক বসুনীয়া। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রায় চার মাস আগে প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে নিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়। আজ শনিবার (১৭ মে) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) স্বপন কুমার রায় চৌধুরীর সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্ত হওয়া শিক্ষকের নাম মনিবুল হক বসুনীয়া। তিনি রাজারহাট উপজেলার আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক উল্লেখ করে আদেশে বলা হয়েছে, সহকারী শিক্ষক মনিবুল হক বসুনীয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে তাঁর ব্যক্তিগত আইডিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মন্তব্য পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁর এমন কার্যকলাপ সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ (পরিমার্জিত সংস্করণ)-এর ৭(ঘ) এবং ১০(৩) (ছ) অনুচ্ছেদের পরিপন্থী হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

চলতি বছরের ২৬ জানুয়ারি চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসের সভাকক্ষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছিলেন, ‘আমি শিক্ষকদের বলব, সমাজে আপনাদের জন্য যে শ্রদ্ধার আসন আছে, যদি সেটা অটুট রাখতে হয় বা ফিরিয়ে আনতে হয়, তাহলে শিক্ষকতা পেশাকে অর্থমূল্যে বিবেচনা করা যাবে না। অবশ্যই আপনাদের আর্থিক উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ আছে। কিন্তু যাঁরা মনে করবেন যে না আমার তো পোষাচ্ছে না, খুব ভালো, তাহলে আপনি প্রাথমিকে থাকবেন না, অন্য পেশায় চলে যান।’

উপদেষ্টার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মনিবুল হক বসুনীয়া ওই দিনই নিজের আইডিতে একটি পোস্ট দেন। শিক্ষক মনিবুল হক বসুনীয়া বলেন, ‘উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে শিক্ষকদের পক্ষ নিয়ে বলেছি। সেটার জন্য এখন কেন আমাকে সাময়িক বরখাস্ত করা হলো, সেটা আমার বোধগম্য নয়।’

এদিকে ডিপিইও স্বপন কুমার রায় চৌধুরী বলেন, ‘ফেসবুকে পোস্ট করা নিয়ে ওই শিক্ষককে আগে শোকজ করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তাঁর বিরুদ্ধে মামলা হবে। তখন তাঁর কাছে জবাব চাওয়া হবে।’

রংপুরে হিমাগারভাড়া কমানোর দাবিতে সাদা কাফনে কৃষকের গণ-অনশন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

পীরগঞ্জে সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

পীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বদরগঞ্জে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

পদোন্নতির দাবিতে ফের অবস্থান কর্মসূচি বেরোবি কর্মকর্তাদের

রংপুরের পীরগঞ্জে জামায়াত এমপির বরাদ্দকৃত প্রকল্পে সভাপতি ভাগনে-ভগ্নিপতি

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু: গ্রেপ্তার সাকিন এক দিনের রিমান্ডে

জাতীয় পার্টির গঙ্গাচড়া শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন

পীরগঞ্জে গ্রামীণ সড়কে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন