রংপুরের পীরগঞ্জ উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন কৃষক, দিনমজুর ও অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ পাঁচমাথার মোড়ে এ সহায়তাসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। বিএনপি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবে।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ।
মদনখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও খালাশপীর কারিগরি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, মাই টিভির রংপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বখতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন এবং উপকারভোগী মনোয়ারা বেগম ও আব্দুল ওহাব আলী।
সভা শেষে প্রধান অতিথি মো. সাইফুল ইসলাম ও বিশেষ অতিথি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের ৫০০ জনের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন।