হোম > সারা দেশ > রংপুর

বৈষম্যমূলক বিধান বাতিলের দাবিতে মাথায় কালো কাপড় বেঁধে অবস্থান আইনজীবীদের

রংপুর প্রতিনিধি

রংপুর আইনজীবী সমিতি ভবনের সামনে মাথায় কালো কাপড় বেঁধে অবস্থান আইনজীবীদের। ছবি: আজকের পত্রিকা

ভোটাধিকার নিশ্চিত ও বৈষম্যমূলক সদস্যপদ-সংক্রান্ত বিধান বাতিলের দাবি জানিয়েছেন রংপুরের আইনজীবীরা। দাবি মানা না হলে আগামী বার কাউন্সিল নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেন তাঁরা।

আজ বুধবার রংপুর আইনজীবী সমিতি ভবনের সামনে মাথায় কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালনকালে এই হুঁশিয়ারি দেন আইনজীবীরা। এটি ছিল আইনজীবীদের চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি।

আইনজীবীদের অভিযোগ, আইনজীবী সমিতিতে সাধারণ (জেনারেল) ও সহযোগী (অ্যাসোসিয়েট) সদস্য শ্রেণিবিভাগ করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এতে অনেক আইনজীবী ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন।

বক্তারা বলেন, আইনজীবীদের সাধারণ ও সহযোগী সদস্য হিসেবে ভাগ করে রাখা তাঁদের সঙ্গে তামাশার শামিল। সবাইকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। দাবি আদায় না হলে আগামী বার কাউন্সিল নির্বাচন বর্জনের হুঁশিয়ারিও দেন বক্তারা।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) শফি কামাল বলেন, ২৪ বছর ধরে আইনজীবীদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বৈষম্যের বড় উদাহরণ। ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী যে প্রত্যাশা তৈরি হয়েছিল, আইনজীবীদের ক্ষেত্রে তা পূরণ হয়নি। সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে সবার ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।

রংপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আ. হানিফ মিয়া বলেন, সমস্যার সুষ্ঠু সমাধান করতে হবে। অন্যথায় আইনজীবীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। দীর্ঘ ২৪ বছর ধরে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে গভর্নমেন্ট প্লিডার (জিপি) একরামুল হক, পিপি মোকসেদুল ইসলাম, পিপি মোজাহারুল ইসলাম বাবলু, অ্যাডভোকেট বায়জিদ ওসমানী, রফিকুল ইসলাম লাল, পলাশ কান্তি নাগ, জোবাইদুল ইসলাম বুলেট, ফজলুল হকসহ জ্যেষ্ঠ ও নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন।