রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখিয়ে এক ব্যক্তির ঘরে ডাকাতি করার সময় মো. রফিক (২৩) নামে এক যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাঙ্গালহালিয়ার খ্যাংদং পাড়া এলাকায় মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার বাসায় ডাকাতির ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, সুহেল ত্রিপুরার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখান দুই ব্যক্তি। পরে ঘরের আলমারি থেকে নগদ দুই লাখ টাকা এবং প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি নিয়ে যান তাঁরা। এ সময় হেনা ত্রিপুরার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুটি স্বর্ণের আংটিসহ হাতেনাতে আটক করেন মো. রফিককে। তাঁর সহযোগী মো. আকাশ (২৪) একটি আংটি ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।
আটকের পর মো. রফিককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। পরে চিকিৎসার জন্য তাঁকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক মো. রফিককে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাকের বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের কাজ চলছে।
পুলিশ জানায়, নিহত মো. রফিকের বাড়ি বাঙ্গালহালিয়ার আবাসিক মুসলিম পাড়ায়। তাঁর বাবা মৃত আব্দুল জলিল। পলাতক মো. আকাশ একই ইউনিয়নের সুফিপুর গ্রামের মোহাম্মদ আলী করিমের ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মো. আকাশের বিরুদ্ধে এর আগে চন্দ্রঘোনা থানায় দায়ের করা একটি চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।