হোম > সারা দেশ > রাঙ্গামাটি

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটি জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন ও রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)।

আজ বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল ও রিজিয়নের নিজস্ব চিকিৎসক এবং দক্ষ জনবলের মাধ্যমে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৬০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ বিনা মূল্যে বিতরণ করা হয়।

সেনা রিজিয়নের এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় মানুষ ও সাধারণ রোগীরা।