রাঙামাটির বরকল উপজেলায় মো. আলী (৪০) নামের এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সুবলং ইউনিয়নের বরোনাছড়ি গ্রামে নিজাম জোমাদ্দার নামের এক মৎস্য ব্যবসায়ীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, আলীকে চট্টগ্রামের রেলওয়ে স্টেশন থেকে এনে নিজের মাছ ধরার জেলে হিসেবে নিয়োজিত করেছিলেন সুবলং যুবদলের সাধারণ সম্পাদক ও মৎস্য ব্যবসায়ী নিজাম জোমাদ্দার।
নিজাম জোমাদ্দার জানান, আলী তাঁর পরিচিত জেলে। ঘটনার দিন তিনি সপরিবারে রাঙামাটি সদরে অবস্থান করছিলেন এবং বাসা খালি ছিল। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে তিনি নিজে পুলিশে বিষয়টি জানান।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।