হোম > সারা দেশ > রাঙ্গামাটি

কাপ্তাইয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

দুর্যোগে ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ। ছবি: আজকের পত্রিকা

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাঙামাটির কাপ্তাই উপজেলার ১০০ খামারির মধ্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব গো-খাদ্য বিতরণ করা হয়।

এ সময় প্রত্যেক খামারিকে সাত কেজি করে মিশ্র গো-খাদ্য দেওয়া হয়েছে। এতে ছিল পাতা ভুসি, কুড়া, সয়াবিন মিল, ভুট্টা, ভিটামিন-মিনারেল প্রিমিক্স, সাদা মটর ছোলা, সরিষার খৈল ও লবণ।

খামারিদের হাতে গো-খাদ্য তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মো. এনামুল হক হাজারী।

এ সময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিহ্লাউ মারমা, অমল কান্তি বড়ুয়া, মনোরঞ্জন তঞ্চঙ্গ্যা ও বিশ্বামিত্র চাকমা এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্যোগের কারণে খামারিরা যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তা কিছুটা কাটিয়ে উঠতে এবং গবাদিপশুর আকস্মিক খাদ্যসংকট নিরসনে সরকারিভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।