রাঙামাটির ঐতিহ্যবাহী ধর্মীয় উপাসনালয় রাজবন বিহারে উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে বন্দুকভাঙ্গা ইউনিয়নবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ২৬তম মহাসংঘদান। শুক্রবার সকালে বিহার প্রাঙ্গণে হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে ধর্মীয় মহাসমাবেশ ও দান উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা রাজবন বিহারে সমবেত হতে থাকেন। ধর্মীয় সংগীত, বুদ্ধপূজা ও সদ্ধর্ম দেশনার মধ্য দিয়ে দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে সমবেত পুণ্যার্থীদের উদ্দেশ্যে বুদ্ধের অহিংসা ও করুণার বাণী তুলে ধরে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ বিহারের জ্যেষ্ঠ ভিক্ষুরা।
মহাসংঘদান অনুষ্ঠানে বন্দুকভাঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে দেড় শতাধিক ভিক্ষুকে সদ্ধর্ম অনুশীলনের জন্য সংবর্ধনা দেওয়া হয় এবং তাঁদের মধ্যে দানসামগ্রী বিতরণ করা হয়।
এ ছাড়া পুণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণের পাশাপাশি সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, কল্পতরু দানসহ বিভিন্ন ধরনের উৎসর্গমূলক দান সম্পন্ন করেন।
ধর্মীয় এ মহাসংঘদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে বন্দুকভাঙ্গার কৃতী সন্তান অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমাসহ ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্থান থেকে আসা শত শত পুণ্যার্থী অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রদীপ প্রজ্বালন করা হয়। পরে বিশ্বশান্তি এবং বিশ্বের সকল প্রাণীর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ শান্তি প্রার্থনা ও উৎসর্গ করা হয়।