হোম > সারা দেশ > রাঙামাটি

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি

রাঙামাটি প্রতিনিধি

রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’ ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

সমতল অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’। আজ শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সংগঠনটির ষষ্ঠ জাতীয় সম্মেলন থেকে এসব দাবি তুলে ধরা হয়।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসভাপতি অজয় এ মৃর সভাপতিত্বে এবং ক্রীড়া ও শিক্ষাবিষয়ক সম্পাদক উজ্জ্বল আজিম ও নারীবিষয়ক সম্পাদক ফাল্গুনী ত্রিপুরার সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

স্বাগত বক্তব্যে সঞ্জীব দ্রং বলেন, ২৫ বছর ধরে বাংলাদেশ আদিবাসী ফোরাম ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার আদায়ের সংগ্রাম করছে এবং এতে অনেক প্রগতিশীল বাঙালিও যুক্ত হয়েছেন।

হতাশ না হয়ে আদিবাসী তরুণদের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সঞ্জীব বলেন, বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীরা মিলে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখতে হবে।

সম্মেলনে সংগঠনের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার লিখিত বক্তব্য পাঠ করেন তথ্য ও প্রচার সম্পাদক হিরণ মিত্র চাকমা। লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা ভূমি হারানো, উচ্ছেদ আতঙ্ক, মিথ্যা মামলা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৯ বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি।

আলোচনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার হরণের পেছনে ক্ষমতার অপব্যবহার এবং আমলাতান্ত্রিক, রাষ্ট্রীয় ও সামরিক দুর্নীতি কাজ করেছে।

সংবিধানে ‘আদিবাসী’ শব্দ বলার সুযোগ না থাকলে অধিকার আদায়ে আন্দোলন আরও জোরদার করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, নির্বাচনী ইশতেহারে ‘রেইনবো নেশন’ গড়ার কথা বলা হলেও বাস্তবে সব জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা যায়নি।

পার্বত্য চুক্তি বাস্তবায়নের বদলে চুক্তিবিরোধী কমিটি গঠনের উদ্যোগকে অন্তর্ঘাতমূলক বলে মন্তব্য করেন তিনি।

মানবাধিকারকর্মী ও এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, পৃথিবীর মোট জীববৈচিত্র্যের বড় অংশ রক্ষা করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা, তাই তাঁদের সুরক্ষা জরুরি।

আগামী বছর পার্বত্য চুক্তির ৩০ বছর পূর্তিকে সামনে রেখে চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা ও সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকারের সংগ্রামে বামপন্থী দলগুলো পাশে থাকবে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, ভূমি, ভাষা ও আত্মপরিচয় রক্ষায় রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এবং আন্দোলন বেগবান করতে নবীন-প্রবীণের সমন্বয় ঘটাতে হবে।

এ ছাড়া এশিয়া ইন্ডিজিনাস পিপলস প্যাক্টের (এআইপিপি) সেক্রেটারি জেনারেল পল্লব চাকমা পার্বত্য সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে আলোচনার তাগিদ দেন। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার দাবি করেন এবং মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলী তালাং আঞ্চলিক পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার ওপর জোর দেন।

সম্মেলন থেকে আত্মনিয়ন্ত্রণাধিকারসহ সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার নিশ্চিত করা, ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর নিরাপত্তা ও নির্যাতনের বিচার, স্বাধীন ও পূর্ব সম্মতি ছাড়া কোনো প্রকল্প না নেওয়া, মিথ্যা মামলা প্রত্যাহার, জাতিসংঘের ক্ষুদ্র নৃগোষ্ঠীবিষয়ক ঘোষণাপত্র ও আইএলও কনভেনশন বাস্তবায়ন, জাতীয় সংসদে নির্দিষ্ট আসন এবং শিক্ষা ও চাকরিতে কোটা সংরক্ষণের দাবিসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়।

দিনব্যাপী এ সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত, মোমবাতি প্রজ্বালন ও শোকপ্রস্তাব পাঠ করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় গানের দল মাদল, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য, সাংস্কৃতিক সংসদসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক দল।