টানা কয়েকদিনের বর্ষণে কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ৫টি ইউনিট আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে একযোগে চালু করা হয়েছে। বর্তমানে ৫টি ইউনিট থেকে মোট ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কাপ্তাই লেকে পানির স্তর গত কয়েকদিন ধরে বাড়ছে। ফলে পানিনির্ভর এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট আজ সন্ধ্যা ৬টা থেকে একসঙ্গে চালু করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৩২ মেগাওয়াট করে মোট ৬৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ২৫ মেগাওয়াট করে মোট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।
কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, আজ রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির স্তর ছিল ৭৯.৮৬ ফুট মিন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এ সময়ে পানি থাকার কথা ৮৪.৯৬ ফুট মিন সি লেভেল। কাপ্তাই লেকের মোট পানি ধারণক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।
দায়িত্বরত প্রকৌশলীরা আরও জানান, লেকে পানির স্বল্পতায় বিগত কয়েক মাস ধরে কখনো ১টি বা ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও গতকাল ৩টি ইউনিট, আজ সকালে ৪টি ইউনিট এবং সন্ধ্যা ৬টা থেকে ৫টি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।