হোম > সারা দেশ > রাজশাহী

রাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত

আগামী রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির। তিনি এর আগে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও মহানগর জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ হিসেবে বিবেচিত। বর্তমানে তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন।

এর আগে সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ জাহাঙ্গীর। ওই নির্বাচনে তিনি লক্ষাধিক ভোট পান। তবে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর কাছে পরাজিত হন। এবার তাঁকে সিটির মেয়র প্রার্থী করা হলো।