রাজশাহীর চারঘাটে বিদ্যুতায়িত হয়ে শমসের আলী (৬০) ও তানিয়া বেগম (২৫) নামে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তাঁরা শ্বশুর-পুত্রবধূ।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন থানার ওসি মো. মাহবুবুর রহমান।
স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনরা জানান, বাড়ির ভেতরে একটি ভ্যান চার্জে দেওয়া ছিল। ভ্যানের বৈদ্যুতিক সংযোগের একটি তার গোয়ালঘরের দিকে নেওয়া হয়। ওই তারের পাশেই কাপড় শুকানোর জন্য একটি দড়ি টাঙানো ছিল। আজ দুপুরে তানিয়া বেগম ভেজা কাপড় ওই দড়িতে শুকাতে দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন।
পরে পুত্রবধূকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে যান শ্বশুর শমসের আলী। এ সময় তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে প্রথমে তানিয়া বেগম বিদ্যুতায়িত হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে শমসের আলীও বিদ্যুতায়িত হন। পরে দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মো. মাহবুবুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।