হোম > সারা দেশ > রাজশাহী

অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামের এক সারের ডিলারকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজের পত্রিকা

রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামের এক সারের ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর গুদাম থেকে ২০০ বস্তা এমওপি (মিউরেট অব পটাশ) ও ৩০০ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে গোদাগাড়ী সদরের ডাইংপাড়ায় মেসার্স কৃষি ঘর নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান অভিযান পরিচালনা করেন।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, সোলাইমান পাটোয়ারী বিসিআইসি ও বিএডিসির সার ডিলার। সার মজুত ও বিক্রির বিষয়ে গত দুই মাসে তাঁকে তিনবার সতর্ক করা হয়েছিল। এরপরও নিয়ম না মেনে বিপুল পরিমাণ সার গুদামে মজুত রাখায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ইউএনও ইসরাত জাহান বলেন, ‘কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের গুদাম ও বিক্রয়কেন্দ্রে তদারকি করা হচ্ছে। এতে দেখা যায়, কৃষি ঘরে যে পরিমাণ সার মজুত থাকার কথা, বাস্তবে তার চেয়েও বেশি আছে। এ জন্য ভ্রাম্যমাণ আদালতে ওই ডিলারকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

কেউ অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি বা কৃষকদের হয়রানি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।