রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার রাজশাহীর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন। সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, আসামি জিহাদের বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে মামলা হয়েছিল। তাঁর বাড়ি সিরাজগঞ্জ সদরের বাইতারা গ্রামে। তবে তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায় থাকেন।
আরএমপি জানিয়েছে, মামলাটি তদন্ত শেষে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আদালতে অভিযোগপত্র দাখিল করেছিল। বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।