হোম > সারা দেশ > রাজশাহী

ডিসেম্বরের মধ্যেই নগরীর উন্নয়ন দৃশ্যমান হবে: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মহানগরীকে পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে উন্নয়নকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নগরবাসী ব্যাপক উন্নয়নের চিত্র দেখতে পারবেন। বন্ধ থাকা উন্নয়নকাজ পুনরায় চালু করে দ্রুত বাস্তবায়ন করা হবে।

আজ শুক্রবার বিকেলে রাজশাহীর সিটি হাট চত্বরে সিটি করপোরেশনের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, পানির লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো ডিসেম্বরের মধ্যে সংস্কার করা হবে। এ ছাড়া জামিরা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ১ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে তিন লেনের বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। বিমানবন্দর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত আরেকটি সড়ক নির্মাণ করা হবে। পদ্মার পাড়ে রিভার ড্রাইভ ও বারনই নদের পাশেও সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শফিকুল হক মিলন। এ ছাড়া

জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৪ ও ২০০৫ সালে রাজশাহী মহানগরীর সড়ক নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, মোড় প্রশস্তকরণসহ তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। পরে ফলকগুলো মুছে ফেলা হয়। দীর্ঘদিন পর সেগুলো পুনঃস্থাপন করা হলো।