শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার সকাল ৬টা থেকে নাটোরের ওপর দিয়ে চলাচল করা রাজশাহীর বাসগুলো বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
রাজশাহী বাস টার্মিনালে এসে অনেক যাত্রীকে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে চলাচল করে। বাস বন্ধ থাকায় এসব রুটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
বাসশ্রমিক শফিক জানান, বৃহস্পতিবার নাটোরের বাসশ্রমিকেরা রাজশাহী-দর্শনা রুটের একটি বাসের যাত্রী নামিয়ে তাঁদের নিজেদের বাসে তুলে দেন। পরে রাজশাহীর বাসটি আটকে রাখা হয়। এ ঘটনার জেরেই শুক্রবার বাস চলাচল বন্ধ রয়েছে।
তবে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়া নাটোরে প্রবেশ করায় নাটোরের মালিক-শ্রমিকেরা সেটি রাজশাহীতে ফেরত পাঠান। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এর জেরেই রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, সকাল থেকে নাটোরের ওপর দিয়ে চলাচল করা রাজশাহীর বাসগুলো বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে এখনো কোনো বৈঠকের সময় নির্ধারণ হয়নি। দ্রুত বৈঠকে বসে সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তিনি।